অক্ষয়চন্দ্র সরকার (১৮৪৬, ১৯১৭ খ্রিষ্টাব্দ) উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম কবি। তিনি ১৮৪৬ খ্রিষ্টাব্দে হুগলির চুঁচুড়াতে জন্মগ্রহণ করেন এবং তাঁর পিতার নাম ছিল গঙ্গাচরণ সরকার। ১৮৬৮ খ্রিষ্টাব্দে আইন পাশ করার পর তিনি প্রথমে বহরমপুরে এবং পরবর্তীতে চুঁচুড়াতে ওকালতি শুরু করেন। ছাত্রাবস্থাতেই তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকায় লেখালেখি শুরু করেন। ১৮৭৩ খ্রিষ্টাব্দে সমকালীন রাজনীতি এবং হিন্দুসমাজের ভিত্তি দৃঢ়ীকরণের উদ্দেশ্যে তিনি চুঁচুড়া থেকে ‘সাধারণী’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা শুরু করেন। এরপর তিনি ‘নবজীবন’ নামে অপর একটি পত্রিকাও প্রতিষ্ঠা করেন। তিনি বঙ্গীয় সাহিত্য সম্মিলনের ষষ্ঠ অধিবেশনের মূল সভাপতি, বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও ভারতসভার প্রথম যুগ্ম-সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলির মধ্যে রয়েছে গোচারণের মাঠ, শিক্ষানবীশের পদ্য (১৮৭৪), সমাজ সমালোচন (১৮৭৪), সনাতনী, কবি হেমচন্দ্র (১৩১৮), মোতিকুমারী, রূপক ও রহস্য, আত্মজীবনীমূলক গ্রন্থ পিতাপুত্র, মহাপূজা এবং সংক্ষিপ্ত রামায়ণ।
Posted inব্যাক্তি